
দেশের জ্বালানি চাহিদা পূরণ এবং বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও পরিবহন খাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আগামী তিন মাসে (জুন-আগস্ট) প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গ্যাস অয়েল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল ও গ্যাসোলিন আমদানি করবে।
অনুমোদিত চারটি প্যাকেজের আওতায় মোট ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির পথ উন্মুক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সরবরাহ আদেশ পেয়েছে Unipec Singapore, যার মূল্য প্রায় ৭ হাজার ৬৭৩ কোটি টাকা। এছাড়া Vitol Asia দুটি প্যাকেজের মাধ্যমে প্রায় ৭ হাজার ৪৬১ কোটি টাকার জ্বালানি তেল সরবরাহ করবে।
সরকারের মতে, দেশের জ্বালানি মজুত ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে জ্বালানির চাহিদা পূরণে নিয়মিত আমদানি কর্মসূচির অংশ হিসেবেই এ ক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জুন থেকে আগস্ট সময়কালে জ্বালানি সরবরাহে কোনো ধরনের ঘাটতি এড়াতে এবং জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো সচল রাখতে এসব ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়েছে।