
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের জাতীয় বাজেটে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধি করা হয়েছে। এ কারণেই বিরোধী দল বাজেটের সমালোচনা করছে। তাদের উদ্দেশ্য জনগণের কল্যাণ নয়, বরং দেশে অশান্তি সৃষ্টি করা এবং মানুষকে বিভ্রান্ত করা।
শনিবার কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত কোনো পণ্যের দাম বাড়েনি। বরং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। কর বাড়ানো হয়েছে শুধু মদ ও সিগারেটের ওপর, কারণ এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।”
বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, “তাদের লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। একমাত্র উদ্দেশ্য অশান্তি সৃষ্টি করা এবং মানুষকে বিভ্রান্ত করা। জনগণ এখন তাদের উদ্দেশ্য বুঝতে পারছে।”
‘করবো কাজ, গড়ব দেশ’—এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, সরকার দেশের ২০ কোটি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাতলী খাল পুনঃখনন প্রকল্প কৃষি, সেচ ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, খালটি পুনঃখনন হলে প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং বছরে প্রায় ১২ হাজার মেট্রিক টন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
প্রধানমন্ত্রী বলেন, সদ্য ঘোষিত জাতীয় বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকদের নগদ আড়াই হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে।
নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার পথ উন্মুক্ত করেছিলেন। সেই ধারাবাহিকতায় স্নাতক ও ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো হবে।
গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সহজ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে এবং স্বল্পমূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে কাজ চলছে।
তিনি আরও জানান, হার্টের রিং এবং কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ও ওষুধের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে, যাতে রোগীদের চিকিৎসা ব্যয় কমে আসে।
তারেক রহমান বলেন, “দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের মালিক ২০ কোটি জনগণ। তাদের কল্যাণেই সরকারের সব পরিকল্পনা ও কর্মসূচি।”
উল্লেখ্য, ১৯৭৭ সালে গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পাতলী খাল ছিল সেই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রায় অর্ধশতাব্দী পর তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান একই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দিনব্যাপী সফরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা ও সুধী সমাবেশসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।