
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর দুই কিশোরকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। পরে সোমবার (১৫ জুন) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার জালালপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. তুহিন মিয়া এবং তার বন্ধু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড়গ্রাম এলাকার মো. রাফিউল ইসলাম (১২) গত ১৪ জুন সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি।
পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে ওই দিনই ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৮৪) করেন।
জিডির ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই সাইফুল আলম ও এসআই ওয়াজিদ উল্লাহ সিদ্দিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করেন। পরে ১৫ জুন ঘোড়াঘাট পৌর এলাকার কুণ্ডু মার্কেট সংলগ্ন গাইবান্ধা মোড় থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় তাদের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিখোঁজ সংক্রান্ত জিডি পাওয়ার পর থেকেই পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং অল্প সময়ের মধ্যে দুই কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। উদ্ধারকৃত দুই কিশোরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।