
শেরপুরের শ্রীবরদীতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আট পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার শ্রীবরদী-শেরপুর সড়কের ভারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম খান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার কাজের নির্মাণসামগ্রী রাস্তার একাংশজুড়ে স্তূপ করে রাখা ছিল। তবে সেখানে কোনো সতর্কতামূলক চিহ্ন বা নির্দেশনা না থাকায় রাতের বেলায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়।
দুর্ঘটনার সময় ডিবি পুলিশের মাইক্রোবাসটি দায়িত্ব পালন শেষে ফিরছিল। এদিকে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা রাস্তার ওপর রাখা নির্মাণসামগ্রী এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ডিবি পুলিশের মাইক্রোবাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে গাড়িতে থাকা আট পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা ডিবির ওসি রেজাউল ইসলাম খান বলেন, “সড়কের ওপর অপরিকল্পিতভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে এসব প্রতিবন্ধকতা চালকদের দৃষ্টিসীমা ব্যাহত করে। ফলে দুটি যানবাহন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
তিনি আরও জানান, আহত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Great site. Lots of useful information here. I am sending it to a few pals ans also sharing in delicious. And naturally, thank you to your effort!