
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৭ জুন) সারাদেশে উদযাপিত হয়েছে অলিম্পিক ডে-২০২৬। এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে বর্ণাঢ্য র্যালি ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ সময় তিনি অলিম্পিকের মূল মূল্যবোধ—উৎকর্ষ, বন্ধুত্ব ও শ্রদ্ধা—সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ, সক্রিয় ও শৃঙ্খলাপূর্ণ জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।
‘তুমিই পারবে, চলো নড়াচড়া করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের অলিম্পিক ডে র্যালির মূল লক্ষ্য ছিল ক্রীড়াবিদসহ সর্বস্তরের মানুষকে নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা।
সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া কেন্দ্রীয় র্যালিটি এয়ারপোর্ট রোড ও স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়।
র্যালি শেষে অংশগ্রহণকারীদের জন্য ক্রীড়া প্রদর্শনীর আয়োজন করা হয় এবং তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, অলিম্পিয়ান, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের পাশাপাশি সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী এবং গণমাধ্যমকর্মীসহ মোট ১ হাজার ৫০০-এর বেশি মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করেন। রাজধানীর পাশাপাশি দেশের অন্য সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।