
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।
সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের অংশ হিসেবে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণেও একটি বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী।
একই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ জাতীয় প্রদর্শনীরও উদ্বোধন করেন তিনি।
প্রদর্শনী ঘুরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরলে তিনি তাদের কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও নতুন উদ্ভাবনে উৎসাহ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।