
সরকারি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও বিভিন্ন দপ্তরের নিয়োগ ও পদোন্নতি–সংক্রান্ত পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী ও আনুষঙ্গিক ব্যয়ের নতুন হার নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনায় পরীক্ষা পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী বাড়ানোর পাশাপাশি কয়েকটি নতুন ব্যয় খাতও যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ বিভাগের জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। পরিপত্র অনুযায়ী, জারির দিন থেকেই নতুন হার কার্যকর হবে। একই সঙ্গে এ বিষয়ে অর্থ বিভাগের ২০২৫ সালের ২০ অক্টোবর জারি করা ৩৩০ নম্বর স্মারক বাতিল করা হয়েছে।
নতুন হার অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি সম্মানী আগের মতোই ৬ হাজার টাকা বহাল রাখা হয়েছে। বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যরা প্রতি সভায় জনপ্রতি ৬ হাজার টাকা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞরা প্রতিদিন জনপ্রতি ৬ হাজার টাকা সম্মানী পাবেন।
উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও আগের হার বহাল রাখা হয়েছে। পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৩০ টাকা এবং পূর্ণ অবজেকটিভ (এমসিকিউ) উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রতিটি খাতায় ৩৫ টাকা দেওয়া হবে। তবে নতুনভাবে উত্তরপত্র নিরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৫ টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সম্মানীর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ৯ম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন ১ হাজার ৮০০ টাকা পাবেন, যা আগে ছিল ১ হাজার ২০০ টাকা। ১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীদের সম্মানী ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। আর ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের দৈনিক সম্মানী ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া খাতা পুনর্মূল্যায়নের জন্য প্রতিটি খাতায় ৫০ টাকা, লিখিত পরীক্ষার ভেন্যুর প্রতিষ্ঠানপ্রধান বা তাঁর মনোনীত সমন্বয়কারীকে ৩ হাজার ৫০০ টাকা এবং লিখিত পরীক্ষাকেন্দ্রের পরিদর্শককে প্রতিদিন ১ হাজার ৮০০ টাকা সম্মানী আগের হারেই বহাল রাখা হয়েছে।
নতুন পরিপত্রে পরীক্ষা পরিচালনার বিভিন্ন ব্যয়ও পুনর্নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ পরীক্ষার্থীপ্রতি ৩ টাকা, উত্তরপত্র প্রস্তুতের জন্য (কাগজসহ) পরীক্ষার্থীপ্রতি ১২ টাকা এবং প্রশ্নপত্র প্রস্তুত, কাগজ, ডুপ্লিকেটিং মেশিন ভাড়া (প্রযোজ্য ক্ষেত্রে) ও কালি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। আগে উত্তরপত্র প্রস্তুতের জন্য পরীক্ষার্থীপ্রতি ৬ টাকা বরাদ্দ ছিল।
এ ছাড়া প্রথমবারের মতো ওএমআর টপশিট মুদ্রণ ও ক্রয়ের জন্য ইউনিটপ্রতি ২০ টাকা, লিথোগ্রাফিক কোডিং ও ডিকোডিংয়ের জন্য ইউনিটপ্রতি ৫ টাকা এবং প্রচলিত কোডিং ও ডিকোডিংয়ের জন্য ইউনিটপ্রতি ৪ টাকা ব্যয়ের বিধান যুক্ত করা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের সময় আপ্যায়ন ব্যয় সরকারের সর্বশেষ নির্দেশনা ও ‘আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৬’ অনুযায়ী পরিচালনা করতে হবে। প্রয়োজনে দুপুর বা রাতের খাবারের ব্যয় সংশ্লিষ্ট বিধান অনুসারে বহন করা যাবে। এছাড়া নাশতার জন্য দৈনিক সর্বোচ্চ দুইবার ব্যয় করা যাবে।
এদিকে ট্রাংক, তালা-চাবি, কাগজ, কলমসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের সর্বোচ্চ সীমাও বাড়ানো হয়েছে। আগে এ খাতে সর্বোচ্চ ৮ হাজার টাকা ব্যয়ের সুযোগ থাকলেও নতুন পরিপত্রে তা বৃদ্ধি করে ১৫ হাজার টাকা করা হয়েছে।