
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১১ জুলাই) রাতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।
রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় দীর্ঘ কর্মজীবনের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।