
রাজধানীর যাত্রাবাড়ীর একটি স্কুলের টয়লেটের ভেতরে দীর্ঘক্ষণ আটকে থাকার পর অচেতন হয়ে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার।
জানা গেছে, দুপুর ২টা ২৩ মিনিটে যাত্রাবাড়ী থানার পোস্তগোলা এলাকার উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয় থেকে নিগার সুলতানা নামে এক নারী ৯৯৯-এ ফোন করেন। তিনি জানান, বিদ্যালয়ের একটি টয়লেটের দরজা দীর্ঘক্ষণ ধরে ভেতর থেকে বন্ধ রয়েছে। ভেতরে একজন শিক্ষার্থী থাকলেও অনেকক্ষণ ধরে তার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে ৯৯৯ কল সেন্টার তাৎক্ষণিকভাবে পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনকে ঘটনাস্থলে পাঠায়।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত বিদ্যালয়ে পৌঁছে টয়লেটের দরজা ভেঙে ভেতরে থাকা সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিরব বিশ্বাস (১৪)-কে অচেতন অবস্থায় উদ্ধার করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, টয়লেটের ভেতরেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিল ওই শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়।