1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রাজধানীর মিরপুরসহ কয়েকটি এলাকায় ফুটপাথ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোয় স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। দীর্ঘদিন পর এসব এলাকায় ফুটপাথ দিয়ে নির্বিঘ্নে হাঁটার সুযোগ তৈরি হয়েছে। তবে গুলিস্তান ও মোহাম্মদপুরসহ রাজধানীর অন্যান্য এলাকার ফুটপাথও দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে উদ্ধার করা ফুটপাথ পুনর্দখল ঠেকাতে নিয়মিত নজরদারি, হকারদের জন্য বিকল্প কর্মস্থল এবং কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছেন নগরবাসী।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে। মিরপুর, মোহাম্মদপুর, গুলিস্তান, জাতীয় প্রেস ক্লাব, সেগুনবাগিচা ও মতিঝিলের কয়েকটি এলাকায় এসব অভিযানের প্রভাব দেখা গেছে। কোথাও কোথাও অবৈধ স্থাপনা সরিয়ে পথচারীদের চলাচলের সুযোগ তৈরি করা হয়েছে।

মিরপুরে স্বস্তিতে পথচারীরা

রাজধানীর ব্যস্ত বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্র মিরপুর-১০ এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাথ ও সড়কের বড় অংশ দখল করে অস্থায়ী দোকানপাট বসানো হয়েছিল। গোলচত্বর, হোপ মার্কেট, হোপ স্কুল রোড ও মিরপুর গার্লস আইডিয়াল স্কুলের আশপাশে এসব দোকানের কারণে পথচারীদের চলাচলে ভোগান্তি হতো। অনেককে ফুটপাথ ছেড়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হতো, যা যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়াত।

গত ৩০ সেপ্টেম্বর ডিএনসিসির অভিযানের পর হোপ মার্কেট ও আশপাশের এলাকার ফুটপাথ অনেকটাই দখলমুক্ত হয়েছে। গোলচত্বরের ফুটওভার ব্রিজের নিচ থেকেও অবৈধ দখল সরানো হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম ও গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আগের তুলনায় স্বচ্ছন্দে চলাচল করতে পারছেন পথচারীরা।

মিরপুরের বাসিন্দা শাহিনুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পর স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে ফুটপাথ দিয়ে হাঁটার সুযোগ পেয়েছি। অভিজ্ঞতাটি আমার কাছে নতুন মনে হচ্ছে। আর যেন ফুটপাথ দখল না হয়, সে জন্য সংশ্লিষ্টদের নিয়মিত নজরদারি করতে হবে।’

একই এলাকার বাসিন্দা শ্যামল সরকার বলেন, ‘প্রায় ১০ বছর ধরে এই এলাকায় থাকি। একসময় রাস্তাঘাট খোলামেলা ছিল। পরে এমন অবস্থা হয়েছিল যে ফুটপাথ দিয়ে হাঁটার উপায় ছিল না। ফুটপাথের দোকানের কারণে মার্কেটের দোকানগুলোতেও কেনাবেচা কমে গিয়েছিল। এখন পরিবেশ অনেক পরিচ্ছন্ন। এমন অভিযান পুরো ঢাকা শহরে চালানো উচিত। গুলিস্তানের অবস্থা আরও খারাপ।’

গুলিস্তান ও মোহাম্মদপুরেও অভিযান চান স্থানীয়রা

রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা গুলিস্তানে ফুটপাথ দখলের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। বিপণিবিতান, বাসস্ট্যান্ড ও প্রধান সড়কের পাশে দোকানপাট এবং অস্থায়ী পসরা বসানোর কারণে অনেককে বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করতে হয়। এতে পথচারী ও যানবাহন একই জায়গা ব্যবহার করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। শিশু, বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলেও তৈরি হয় বাড়তি সমস্যা।

এ কারণে গুলিস্তানসহ মোহাম্মদপুরের ফুটপাথগুলো কার্যকরভাবে দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, শুধু অভিযান চালানোই যথেষ্ট নয়; উদ্ধার করা জায়গা যাতে আবার দখল হয়ে না যায়, সে জন্য ধারাবাহিক তদারকি প্রয়োজন।

উদ্ধার করা ফুটপাথে সৌন্দর্যবর্ধন

ফুটপাথ উদ্ধার করে তা জনসাধারণের ব্যবহার উপযোগী করে তোলার উদাহরণ তৈরি হয়েছে রাজধানীর সেগুনবাগিচায়। গত ৫ অক্টোবর ডিএসসিসি দীর্ঘদিন দখলে থাকা একটি ফুটপাথ উদ্ধার করে জনসাধারণের জন্য খুলে দেয়।

সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে সেখানে ময়লার ঝুড়ি ও বসার বেঞ্চ স্থাপন এবং দেয়াল সংস্কার করা হয়েছে। দেয়ালে দেশের শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত ১০ বিশিষ্ট ব্যক্তির ছবি ও গ্রাফিতি স্থান পেয়েছে। এ উদ্যোগে পথচারীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।

খাল উদ্ধার ও রক্ষণাবেক্ষণের দাবি

নগরবাসীর মতে, ফুটপাথ দখলমুক্ত রাখার পাশাপাশি রাজধানীর খালগুলো উদ্ধার ও সচল করাও জরুরি। মোহাম্মদপুর, মিরপুর, নন্দীপাড়া, জিরানী খাল, কালুনগর, মান্ডা ও শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় খাল দখল, বর্জ্য জমা এবং পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা রয়েছে।

খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলে বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারে না। এতে নিচু সড়ক ও আবাসিক এলাকায় জলাবদ্ধতার ঝুঁকি বাড়ে। তাই খাল উদ্ধারের পাশাপাশি নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

অভিযান অব্যাহত রাখার আশ্বাস

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাথ দখলমুক্ত রাখার অভিযান অব্যাহত থাকবে। হকারদের বিকল্প স্থানে ব্যবসার সুযোগ দেওয়া হবে। ভবিষ্যতে কেউ ফুটপাথ দখল করলে বা দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দখল করা খাল উদ্ধার এবং দখলকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ফুটপাথ ও সড়ক দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। তবে হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প স্থানে ব্যবসার সুযোগ তৈরির ব্যবস্থা করা হবে। ফুটপাথ উদ্ধারের পর সেগুলো পরিচ্ছন্ন ও ব্যবহারযোগ্য রাখার উদ্যোগও নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শুধু উচ্ছেদ অভিযান চালালেই নাগরিক সুবিধা নিশ্চিত হয় না। নিয়মিত পরিচর্যা, বর্জ্য অপসারণ ও অবৈধ দখল প্রতিরোধও প্রয়োজন। ইতিমধ্যে বেশ কিছু খাল উদ্ধার করা হয়েছে। বাকি দখল করা খালও উদ্ধার করা হবে।

নগরবাসীর প্রত্যাশা, ফুটপাথ দখলমুক্ত রাখার উদ্যোগ যেন সাময়িক কার্যক্রমে সীমাবদ্ধ না থাকে। নিয়মিত নজরদারি, হকারদের জন্য বাস্তবসম্মত বিকল্প কর্মস্থল এবং উদ্ধার করা জায়গার যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে রাজধানীতে পথচারীদের চলাচল আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page