
মানবতার কল্যাণে নিবেদিত সংগঠন “উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপ”-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষপূর্তি অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের সকল সদস্যের উদ্যোগে দিনব্যাপী এক বর্ণাঢ্য কর্মসূচি ও মানবহিতৈষী কার্যক্রমের আয়োজন করা হয়।
গত ১৬ অক্টোবর ২০২৬ ইং, রোজ শুক্রবার সকাল ৯টা থেকে উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ সংলগ্ন মাঠে এই বিশেষ কর্মসূচি শুরু হয়। “রক্ত দিন, জীবন বাঁচান—যদি হই রক্তদাতা, জয় করব মানবতা” এবং “মুমূর্ষু রোগীর প্রেমী কারা, স্বেচ্ছায় রক্তদান করে তারা”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল পবিত্র কোরআন শরিফ বিতরণ ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় যুবসমাজ এবং উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের সকল সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এলাকার সাধারণ মানুষ ও তরুণরা তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে নেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার পর থেকেই উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপ মুমূর্ষু রোগীদের জরুরি রক্ত সরবরাহসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এই ধরনের জনহিতৈষী কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।