
রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত অন্য দুজন হলেন নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, রাত সাড়ে ১১টার দিকে এলাকায় ৭ থেকে ৮ জন আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী ব্যক্তি এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা একজনকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন।
কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) মাসনুন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির ঘটনায় তিনজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশ কাজ করছে।