
দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে কক্সবাজারকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্যসচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত দপ্তরাদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্পটি ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এদিকে চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮–২০ কোটি টাকা থেকে বেড়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে। একই সময়ে সংস্থাটির দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে উন্নীত হয়েছে, যা ওয়াসার দাবি অনুযায়ী সর্বোচ্চ।
এ ছাড়া এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হয়েছে। বর্তমানে শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।