
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগে তহশিলদারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) আকস্মিক পরিদর্শনের সময় এ সিদ্ধান্ত নেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকালে জেলা প্রশাসক কাশিমপুর ও সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। এ সময় কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা লোকজন বিভিন্ন অনিয়মের অভিযোগ করলে তাৎক্ষণিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযোগের প্রেক্ষিতে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ওয়াজেদ আলী খানসহ মোট চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন। সেখানে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেলেও সংশ্লিষ্ট তহশিলদারকে সতর্ক করে দেওয়া হয়। তবে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে বরখাস্ত করা হয়নি।
এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে—এমন দাবি ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত শুধুমাত্র কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। জেলার অন্য কোনো ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে এ ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।