৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত:
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৫ আগস্ট)। সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকারের মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত রাখা হবে। এরপর ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদন করে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং দীর্ঘদিনের স্বৈরশাসনের বিভিন্ন স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।
জাদুঘরে ২০২৪ সালের আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, দুর্লভ নথি, শহীদ ও আহতদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড এবং গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট নানা স্মারক সংরক্ষণ করা হয়েছে।
এছাড়া গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহের তথ্য-উপাত্তও জাদুঘরের সংগ্রহে অন্তর্ভুক্ত করা হয়েছে।