
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ বিষয়ে সৌদি সরকারের কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ তথ্য জানা গেছে।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনাকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, সৌদি আরবের বিচারব্যবস্থা নিজস্ব আইনি কাঠামো অনুযায়ী পরিচালিত হয়। দেশটিতে বসবাস ও কাজ করতে যাওয়া বাংলাদেশিদের সেখানকার আইনকানুন মেনে চলতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। সৌদি সরকারের জবাব পাওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানানো সম্ভব হবে।
শামা ওবায়েদ বলেন, প্রবাসী বাংলাদেশিরা অনেক কষ্ট করে বিদেশে কাজ করতে যান। তাই যে দেশে বসবাস করবেন, সে দেশের আইন ও বিধিবিধান মেনে চলার বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশেও বিদেশি নাগরিকেরা অপরাধ করলে দেশের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হন। একইভাবে সৌদি আরবেও দেশটির আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।
তবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা কেউ প্রত্যাশা করে না। সৌদি সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।
দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সৌদি সরকারের কাছ থেকে উত্তর পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি মিশনের শ্রম উইং থেকে পাওয়া বার্তা অনুযায়ী, ওই দুই বাংলাদেশি মক্কার একটি মসজিদের অভ্যন্তরে ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সৌদি আইনে এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় দেশটির আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।