
গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনের সূত্রপাতের পর মুহূর্তের মধ্যে লাউঞ্জসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে সেখানে থাকা যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
জানা গেছে, রাতে বলাকা লাউঞ্জের রান্নাঘরে একটি বৈদ্যুতিক কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে লাউঞ্জের কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
খবর পেয়ে বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বলাকা লাউঞ্জের যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম ভোর ৪টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে লাউঞ্জের রান্নাঘরে ছোট পরিসরে আগুনের সূত্রপাত হয়েছিল।
তবে লাউঞ্জের কর্মীরা তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করায় আগুন বড় আকার ধারণ করতে পারেনি। পরে বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।