
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৯ আগস্ট) স্থানীয়ভাবে নির্বাচন অফিসগুলোতে এ খসড়া তালিকা প্রকাশ করা হয়।
দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। নতুন ভোটার যুক্ত হওয়ার পর দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে।
এর আগে গত ১৪ মে প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটারদের তালিকাভুক্ত করা হয়। এরই ভিত্তিতে রোববার খসড়া তালিকা প্রকাশ করা হলো।
ইসি জানিয়েছে, খসড়া তালিকা নিয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তির পর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন এ বছরের অক্টোবর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে।
ইসি সচিব বলেন, পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনগুলোর জন্য এই ভোটার তালিকা ব্যবহার করা হবে। তবে ভোটের তারিখ নির্ধারণ বা পরিবর্তনের কারণে ভোটার নিবন্ধনের সময় বাড়ানোর প্রয়োজন হলে কমিশন পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে নতুন ভোটারদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য খসড়া আচরণবিধিমালা আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, আইন সংশোধনের সুপারিশ এখনো পাঠানো হয়নি। সংশ্লিষ্ট নথি প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রক্রিয়া শেষ হলে সেটিও আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণও শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব। রোববার বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো দল নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সুযোগ ১৮ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।