
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন।
রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সরকারের একটি সূত্রের বরাত দিয়ে অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে।
পরাগ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন বলে জানা গেছে।
তবে ভারতীয় প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
পরাগ জৈন ‘র’-এর সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকায় আসার আগে তিনি চীন সফর করেছেন বলেও জানা গেছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্ক স্বাভাবিক করার নানা উদ্যোগের মধ্যে ‘র’ প্রধানের এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে সফরের উদ্দেশ্য বা আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ বিস্তারিত কিছু জানায়নি।