
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে একজন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৯১ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৫১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। অর্থাৎ একদিনে হাম ও উপসর্গ মিলিয়ে নতুন করে আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ১৭ হাজার ৫৪৩ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৪০ হাজার ৭৬ জনের শরীরে।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন।