
সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকাল সোয়া ৯টায় রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে তাঁর গাড়িবহর কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে বিকেল ৪টার পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
সরকার গঠনের পর কিশোরগঞ্জে এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।
সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এরপর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি।
দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দুপুর আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এরপর সোয়া ৩টায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
সবশেষ বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।