1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

যে শর্ত পূরণ না হলে দিল্লি সফর নয়

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক দিন ধরে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমেও সফরের সম্ভাব্য সময় নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। তবে সরকার জানিয়েছে, অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম সরকারের অবস্থান স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে অগ্রগতি এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামিদের হস্তান্তরের বিষয়টি গুরুত্বপূর্ণ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে যোগাযোগ করছেন। তবে দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সফর আয়োজনের প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে বলে জানান তিনি।

শহীদুল করিম বলেন, বাংলাদেশ মনে করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ প্রয়োজন। এ জন্য শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধে দ্রুত ব্যবস্থা নিতে ভারতীয় কর্তৃপক্ষকে বলা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তর করা উচিত। এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।

বাংলাদেশের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দুই দেশকে সার্বভৌম সমতা ও জাতীয় মর্যাদার ভিত্তিতে একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে পারস্পরিক স্বার্থে সম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে।

ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনার মধ্যেই সম্প্রতি ঢাকায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। জুন মাসে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ।

সাক্ষাতের পর দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে ভারতীয় দূতাবাস বা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনার একটি সারসংক্ষেপ ভারতের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে।

ভারত সফর নিয়ে নানা পরিকল্পনা

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে তিনি সম্মেলনে যোগ দেবেন না বলে আভাস পাওয়া গেছে। এর পরিবর্তে দুই দেশের মধ্যে একটি পৃথক দ্বিপক্ষীয় সফর আয়োজনের বিষয়ে আলোচনা চলছিল।

সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঢাকা আগস্টের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিকল্পনা করেছিল। তবে ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসসিও সম্মেলনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিরগিজস্তান সফরের কারণে সময়সূচিতে জটিলতা তৈরি হয়।

এর পাশাপাশি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের। এসব কারণে আগস্টের মধ্যেই সম্ভাব্য সফর চূড়ান্ত করার চেষ্টা ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ঢাকায় এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তাঁকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান

এদিকে ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেশটির সরকারের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের মাধ্যমে হবে। এটি সরাসরি কূটনৈতিক বা রাজনৈতিক সিদ্ধান্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় নথিপত্রসহ শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ আবেদন করেছে বলে জানা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে শেখ হাসিনার প্রত্যর্পণ ও ওসমান হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের হস্তান্তরের বিষয়টি দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page