
ভারতের ওড়িশা রাজ্যের উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি ওশেন উইনার নামের জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন।
ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নাবিকদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল। এতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল, যা ওড়িশা থেকে জাহাজটিতে তোলা হয়েছিল।
এমভি ওশেন উইনার গত ২০ আগস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২২ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে।
এরপর জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টোরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড অনুসন্ধান ও উদ্ধার সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানায়।
খবর পাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। বঙ্গোপসাগরের ওই এলাকায় থাকা অন্যান্য জাহাজগুলোকেও উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য সতর্ক করা হয়।
ভারতের একজন ঊর্ধ্বতন আইপিএস কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, কতজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধার অভিযানে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ ও আনমোলকে পাঠানো হয়েছে। বিজিত নামের আরও একটি জাহাজ শ্রী বিজয়া পুরম থেকে উদ্ধার অভিযানে যোগ দিতে রওনা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ড একটি লাইফ র্যাফ্ট থেকে দুজনকে উদ্ধার করেছে। তবে জাহাজটি কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।