1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা

রফিকুল ইসলাম রফিক, রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লি) আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আসনটিতে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আবারও দেলাওয়ার হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে তাকে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবেও ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।

দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। এর আগে তিনি ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে মাওলানা আব্দুল হালিম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান মাধ্যম নির্বাচন। তাই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জামায়াতের প্রার্থী বিজয়ী হবেন বলে তারা আশাবাদী।

সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। এ সময় জামায়াতের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছিলেন এক লাখ ৪১ হাজারের বেশি ভোট।

এর আগে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াতের প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন। এবার মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনেও তাকেই প্রার্থী করল দলটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page