
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে মাদককারবারি, মাদকসেবী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১২২ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার সাতটি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে আইনগত প্রক্রিয়া শেষে রোববার (৬ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এবং সাতজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যান্য পুলিশ সদস্যরা এতে অংশ নেন।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নিরাপদ ও মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে এ ধরনের বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।