
ঢাকা ও আশপাশের এলাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি শুরু হয়, যা সকাল সাড়ে ৮টা পর্যন্ত অব্যাহত ছিল।
টানা বৃষ্টির কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের অনেকেই ভোগান্তিতে পড়েন।
বৃষ্টির পানিতে রাজধানীর বিভিন্ন এলাকায় কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়। নিউমার্কেট, ধানমন্ডি, জিগাতলা, মালিবাগ, রাজারবাগ ও শান্তিনগর এলাকার সড়কে পানি জমে থাকতে দেখা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ জানা যায়নি।
এদিকে বৃষ্টির কারণে দিনের শুরুতে রাজধানীর আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক হয়ে ওঠে।
আবহাওয়া অধিদপ্তরের রোববার সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।