
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। এরপর মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে নেওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ বিমানবন্দর ও আশপাশের এলাকায় জড়ো হন। তারা ব্যানার-ফেস্টুন নিয়ে স্বাগত জানিয়ে স্লোগান দেন।
অন্যদিকে, বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কথাও জানানো হয়েছে।
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন।