
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয়ের প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং রাজধানীসহ মহানগর ও শহর এলাকায় প্রতি কিলোমিটারে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে বাসভাড়া সমন্বয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
বিআরটিএ সূত্র জানিয়েছে, বাসের ভাড়া কতটা বাড়বে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়। সিদ্ধান্তের পর প্রজ্ঞাপন জারি করা হবে।
বাসের ভাড়া নির্ধারণে একটি ব্যয় বিশ্লেষণ কমিটি রয়েছে। সাধারণত জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য পরিচালন ব্যয়ও বিবেচনায় নেওয়া হয়। তবে এবার অন্যান্য ব্যয় যুক্ত না করে শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সরকার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করেছে।
বিআরটিএর বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে, দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আর শহরাঞ্চলে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
এর আগে ভাড়া সমন্বয়ের বৈঠকের আগে পরিবহন মালিক-শ্রমিক নেতারা সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করে জ্বালানির দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া বাড়ানোর আবেদন জানান।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবার শুধু জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বাসভাড়া বাড়ানো হয়েছিল। এর মধ্যে যন্ত্রাংশসহ অন্যান্য পরিচালন ব্যয়ও বেড়েছে। তবে সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে এবার শুধু জ্বালানির মূল্য বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ানোর বিষয়ে তারা একমত হয়েছেন। দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান তিনি।
এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা।
তবে দূরপাল্লার অনেক নন-এসি বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তারও কম করা হয়েছে। এসব বাসে আসনপ্রতি ভাড়া তুলনামূলক বেশি হতে পারে। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যুক্ত হবে।