
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টার দিকে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত অধিবেশনে অংশ নেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতরাশে অংশ নেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করা হয়।
প্রাতরাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং কুশল বিনিময় করেন। এর মধ্য দিয়ে জাতিসংঘের ৮১তম অধিবেশন ঘিরে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
উদ্বোধনী পর্বে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রতিনিধিরা অংশ নেন। অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ২৮ সেপ্টেম্বরও এর কার্যক্রম থাকবে।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তার প্রথম ভাষণ। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য দেবেন।
জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সফরসূচিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলসহ বিভিন্ন নেতার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।