
প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার কথা বলে পুলিশের হেফাজত থেকে বিস্ফোরক মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর মহানগর পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। তিনি জানান, ঘটনার তদন্তে সিটিএসবি’র উপকমিশনার মহিউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া পাঁচ পুলিশ সদস্য হলেন—এসআই (এবি) শ্রী প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির, সাকিব, শাকিল ও ড্রাইভার নায়েক কামাল।
পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, রোববার সকালে বিচারিক কার্যক্রমের জন্য কাশিমপুর কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাদের ফের কাশিমপুর কারাগারে নেওয়ার সময় আসামি রাজা টয়লেটে যাওয়ার কথা বলে চিৎকার শুরু করেন।
গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় পৌঁছালে তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে টয়লেটে নেওয়া হয়। এ সময় সুযোগ পেয়ে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে বাকি ২৯ আসামিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর ভারপ্রাপ্ত জেলার জাহাঙ্গীর আলম জানান, বিস্ফোরক আইনের একটি মামলায় বন্দি ছিলেন রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে কারাগারে ফেরার পথে তিনি পালিয়ে যান।