
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩ বছর।
জানা গেছে, কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান তৌফিক ইমরোজ খালিদী। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে মাথা ঘুরে পড়ে গেলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম পরিচিত অনলাইন সংবাদমাধ্যম হিসেবে কার্যক্রম পরিচালনা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোরে যোগ দেওয়ার আগে দেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন তিনি। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে সম্প্রচার, মুদ্রণ ও ডিজিটাল—তিন মাধ্যমেই কাজের অভিজ্ঞতা ছিল তৌফিক ইমরোজ খালিদীর। রাজনীতি, ব্যবসা, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি সাংবাদিকতা করেছেন।
তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।