1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ, এবার অ্যাক্রিডিটেশন বাতিল—বাংলাদেশি সাংবাদিকদের জন্যও দরজা বন্ধ করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ভারতে খেলতে অনীহার জেরে টিম বাংলাদেশের পর শাস্তির মুখে দেশের গণমাধ্যম; অর্ধশতাধিক সাংবাদিকের আবেদন প্রত্যাখ্যান

সংবাদ প্রতিবেদন:
ভারতে গিয়ে খেলতে অনীহা প্রকাশ করায় আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। তবে সেখানেই থেমে থাকেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সর্বশেষ সিদ্ধান্তে বাংলাদেশি গণমাধ্যমকেও কার্যত নিষিদ্ধ করা হয়েছে বিশ্বকাপ কাভার করা থেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভারের জন্য বাংলাদেশ থেকে আইসিসিতে অ্যাক্রিডিটেশনের আবেদন করেছিলেন অর্ধশতাধিক ক্রীড়া সাংবাদিক। কিন্তু আইসিসি একযোগে সব আবেদন বাতিল করে দিয়েছে। ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই মাঠে উপস্থিত থাকতে পারছেন না।

মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতি, নিরাপত্তা ইস্যু এবং আইসিসির একগুঁয়েমি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে। নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে ক্ষোভ বাড়ছে ক্রিকেটার, সমর্থক এবং সাংবাদিক সমাজে।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। বাংলাদেশ খেলুক বা না খেলুক—পুরো বিশ্বকাপ কাভার করার উদ্দেশ্যে আইসিসি নির্ধারিত ফর্ম ও সময়সীমার মধ্যে আবেদন করেছিলেন দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। অনেকেই ভারত ও শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন।

১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণের পর থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি—প্রতিটি বিশ্বকাপেই উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। এমনকি ১৯৯৯ সালের আগেও, যখন বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেয়নি, তখনও বিভিন্ন আসর কাভার করেছেন দেশের সাংবাদিকরা। ক্রিকেটপ্রেমী দেশ হিসেবে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ সবসময়ই তুঙ্গে, যার প্রতিফলন দেখা যায় মিডিয়া কাভারেজে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই বাংলাদেশ সরকার, ক্রিকেটার, সমর্থক ও সংবাদকর্মীদের পক্ষ থেকে জোরালো দাবি ওঠে—নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে খেলা বা কাজ করা নিরাপদ নয়। এ কারণে বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসির কাছে বারবার অনুরোধ জানানো হয়।

তবে বাংলাদেশ সরকারের অনুরোধ ও আপত্তি আমলে না নিয়ে আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে চাপ দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশ স্পষ্ট অবস্থান জানায়—‘শ্রীলঙ্কা ছাড়া অন্য কোথাও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ।’ এর পরিপ্রেক্ষিতে দল বাংলাদেশকে কার্যত বিশ্বকাপ থেকে ফরফিট বা বাদ দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় সামনে আসে আরেকটি বিস্ময়কর সিদ্ধান্ত—বাংলাদেশ থেকে বিশ্বকাপ কাভার করতে আবেদন করা সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও জানিয়েছিলেন, ভারত শুধু খেলোয়াড়দের জন্য নয়, বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ।

দল না থাকলেও সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের সুযোগ দেওয়ার যে দীর্ঘ ঐতিহ্য ছিল, আইসিসির এই সিদ্ধান্তে তা ভেঙে পড়েছে। ক্রিকেটবিশ্বে বাংলাদেশি সাংবাদিকদের অংশগ্রহণ বন্ধ করে দেওয়াকে অনেকেই দেখছেন নজিরবিহীন ও বৈষম্যমূলক সিদ্ধান্ত হিসেবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!