রোজার মধ্যে আয়োজন নিয়ে আপত্তি ও নানা আলোচনা শেষে অবশেষে চূড়ান্ত হয়েছে অমর একুশে বইমেলার সূচি। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। আগে মেলা ২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল।
বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমি-র সভাকক্ষে প্রকাশক ও আয়োজকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানায়, এবার বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া শতভাগ মওকুফ করা হয়েছে। প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং সবাইকে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানান সংস্কৃতিমন্ত্রী।
এছাড়া যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। সেদিন সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়া হবে। যারা আগে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না।
সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়