সাতক্ষীরার দেবহাটায় নির্বাচনি দায়িত্ব পালনকালে পেশাগত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার নাম আকিদুল ইসলাম। তিনি সাতক্ষীরা কোর্টে কর্মরত একজন এএসআই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনি মালামালসহ শিমুলিয়া কেন্দ্রে পৌঁছান এএসআই আকিদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। বিকেলে তিনি কেন্দ্র ত্যাগ করে গাজীরহাট বাজারে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজুর ব্যক্তিগত কার্যালয়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই কার্যালয়ের থাই গ্লাসের দরজা বন্ধ করে তিনি দীর্ঘ সময় ধরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এ ঘটনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রত্যাহার করা হয়।
দেবহাটা থানার ওসি জানান, বিএনপি নেতার সঙ্গে বৈঠকের অভিযোগে পুলিশ সুপারের নির্দেশে এএসআই আকিদুল ইসলামকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়