
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ার আলমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতের পর তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) হেফাজতে নেওয়া হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, ছরোয়ার আলমের মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং সেগুলো পরীক্ষা করা হচ্ছে। জামায়াতের অভিযোগের ভিত্তিতে মতিঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ জন্য রাতে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি স্থাপনায় অভিযান চালানো হয়।
এর আগে জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল ব্যবহার করে একটি ‘নারী বিদ্বেষী’ পোস্ট ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। জামায়াত দাবি করে, শনিবার রাতে দলের প্রধানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছিল।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে অভিযোগ জানায়। প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করে এবং বিষয়টি তদন্তের আশ্বাস পায়।
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম দাবি করেন, বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। তিনি জানান, বিষয়টি নিয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়
Leave a Reply