ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১০০টি প্লাটুন মোতায়েন রয়েছে।
তিনি কোস্ট গার্ডের উপকূলীয় নিরাপত্তা, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, মাদক ও মানবপাচার দমন, দুর্যোগ মোকাবিলা এবং আঞ্চলিক সমুদ্র নিরাপত্তায় ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়।
পরে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কিছু সহিংসতা হলেও তা বাড়ছে না এবং আগের নির্বাচনের তুলনায় সহিংসতার হার কম। অধিকাংশ ঘটনা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটেছে বলে তিনি জানান।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়