নুরুল হক নুর–এর সম্মানে পটুয়াখালীর দশমিনায় আয়োজিত ইফতার মাহফিলে খাবার বিতরণে বিশৃঙ্খলার জেরে ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতারের পর উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নুরুল হক নুরের প্রথম দশমিনা সফর উপলক্ষে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে গণঅধিকার পরিষদ–এর উপজেলা শাখা।
ইফতার মাহফিলে আগত অনেক রোজাদার খাবার না পাওয়ায় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় দৈনিক মানবজমিন–এর দশমিনা উপজেলা প্রতিনিধি সাফায়েত হোসেন ঘটনাটি ভিডিও ধারণ করলে ইফতারের পর ছাত্র ও যুব অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়।
পরে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নেতাকর্মীরা তাকে উদ্ধার করেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে নুরুল হক নুর বলেন, ইফতারের খাবার বিতরণে বিশৃঙ্খলার ঘটনা শুনেছেন, তবে সাংবাদিকের ওপর হামলার বিষয়টি তার জানা নেই।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







