জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পুরোনো নাম বিডিআর (বাংলাদেশ রাইফেলস) পুনর্বহাল এবং সাবেক ইউনিফর্ম ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য ও তাঁদের পরিবারের সম্মানে আয়োজিত ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপির সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনী বিষয়ক উপকমিটি এ আলোচনা সভার আয়োজন করে।
তারেক রহমান বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী বিডিআরের নাম ও ইউনিফর্ম পরিবর্তন করা হয়েছিল। জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে সেই নাম পুনর্বহাল করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে ‘শহীদ সেনা দিবস’, ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ অথবা ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে সেনাবাহিনীকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না। সেনাবাহিনীর পেশাদারিত্ব, সম্মান ও মর্যাদা রক্ষায় দলটি অতীতের মতো ভবিষ্যতেও অঙ্গীকারবদ্ধ থাকবে।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরসহ সশস্ত্র বাহিনীর সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়