ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে এ কর্মসূচি পালন করা হবে।
সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি মো. নাঈম হাওলাদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এতে আরও বলা হয়, এর আগে গত ৭ ও ৮ ডিসেম্বর সাত কলেজের একাংশ শিক্ষার্থী শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিসেম্বরের মধ্যে আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল।
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হবে। তারা চান, ওই সভাতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ অনুমোদনের পাশাপাশি চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তাদের যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি আরও জোরদার ও অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়