ঘন কুয়াশার কারণে মধ্যরাতে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, আহতদের মধ্যে বাসচালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এক্সপ্রেসওয়ের ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেওয়ান আজাদ জানান, রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, আহতদের নাম–পরিচয় শনাক্ত করার কাজ চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়