শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসেই ব্যস্ত সময় পার করতে যাচ্ছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্মৃতিসৌধ-এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি।
এরপর বিকেলে সচিবালয়ে তার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকে বসার কথাও রয়েছে তার।
এর আগে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তার শপথের পর পর্যায়ক্রমে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পাঠ করান। এর মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানসহ ১৩টি দেশের বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ওম বিড়লা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়ী হয় এবং জোটের শরিকরা পায় আরও তিনটি আসন। এবারের শপথ অনুষ্ঠান ঐতিহ্য ভেঙে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়