1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শীত কমলেও ফেব্রুয়ারিতে ফের তীব্র ঠান্ডার সম্ভাবনা নাকচ নয়

আবহাওয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

চলতি মাসের অর্ধেক পার হলেও শীত ধীরে ধীরে কমছে। বাংলা মাঘ মাস শুরু হওয়ায় প্রচলিত প্রবাদ অনুযায়ী এই মাসের শীতে ‘বাঘ পালিয়ে যায়’ বলা হলেও বাস্তবে শীত এখনো পুরোপুরি বিদায় নেয়নি। আবহাওয়া অধিদফতর বলছে, নতুন করে আবার শৈত্যপ্রবাহ হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এমনকি জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে আর শৈত্যপ্রবাহ হবে কি না, সেটিও নিশ্চিত নয়।

তবে এর অর্থ এই নয় যে, এ মাস পার হলেই শীত একেবারে শেষ হয়ে যাবে। কারণ বাংলাদেশে ফেব্রুয়ারি মাসেও তীব্র শীত পড়ার নজির রয়েছে। শুধু তাই নয়, দেশের ইতিহাসে রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রাও ফেব্রুয়ারি মাসেই ছিল।

আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ প্রসঙ্গে আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ফেব্রুয়ারিতে নতুন করে শৈত্যপ্রবাহ হবে না—এ কথা নিশ্চিত করে বলা যায় না। তবে অন্তত চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানান তিনি।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১৭ জানুয়ারি) সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এবং তা আরও ধীরে ধীরে বাড়তে পারে। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন দেশের তিনটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়তে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবারও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা আবারও কমতে পারে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!