মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গলের শেখবাড়ি সংলগ্ন শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৌলভীবাজার পৌরসভার কলাপাড়া এলাকার রেহান, পিকআপচালক রুবেল এবং সদর উপজেলার কালেঙ্গা গ্রামের অটোরিকশা চালক আলী নূর।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত আরও একজনকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়