দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলায় শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খান-এর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (১ মার্চ) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, এদিন দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন অভিযোগ সংশ্লিষ্ট নজরুল ইসলাম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, উদ্দীপন এনজিওর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার, ঘুষ ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, নজরুল ইসলাম খান দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি বিবেচনা করে নজরুল ইসলাম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।







