ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা তিনটায় ভিসি কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক একদিন আগে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, তিনি উপাচার্যের ডেপুটেশন পদ থেকে সরে গিয়ে আগের শিক্ষকতা পেশায় ফিরে যেতে চান। বর্তমানে তিনি ডেপুটেশনে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে জানান, ডেপুটেশন থেকে অব্যাহতি চেয়ে তিনি তার মূল দায়িত্বে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক হিসেবে—ফিরে যেতে আগ্রহী।
ড. নিয়াজ আহমদ খান বলেন, ২০২৪ সালের আগস্টে তিনি অত্যন্ত আপদকালীন এক পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সীমিত সক্ষমতার মধ্যেও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন। এখন তিনি সরে দাঁড়াতে চান, যাতে নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিতে পারে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এখন একটি স্মুথ ট্রানজিশন প্রয়োজন। সরকার যদি ধারাবাহিকতার স্বার্থে কিছু সময় তাকে দায়িত্বে রাখতে চায়, সে বিষয়টি বিবেচনা করতেও তিনি রাজি আছেন। হঠাৎ করে কোনো শূন্যতা সৃষ্টি করার ইচ্ছা তার নেই বলেও জানান তিনি।
পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, “আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে। ভবিষ্যতে যদি সরকারের বা বিশ্ববিদ্যালয়ের আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমি যেকোনো সময় প্রস্তুত আছি।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়