1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে যশোরে বিক্ষোভ

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে দড়াটানার গাড়িখানা সড়ক সালমান ভক্তদের স্লোগানে মুখর হয়ে ওঠে। রাত সাড়ে নয়টার দিকে বিক্ষুব্ধ ভক্তরা সালমান শাহের স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন এবং পরিচালক আজিজ মাহমুদের কুশপুত্তলিকা প্রদর্শন করে।

এ সময় ভক্তরা স্লোগান দেন— “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই”। গাড়িখানা এলাকা থেকে শুরু হওয়া প্রায় দুই শতাধিক ভক্তের মিছিল মণিহার সিনেমা হলের দিকে অগ্রসর হয়। পথে সাধারণ মানুষও যুক্ত হন এই স্লোগানে— “সালমান খুনিদের ফাঁসি চাই”

সালমান শাহ স্মরণে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি আয়োজন করে আসা কাঠেরপুল যুবসংঘ এবারও এ কর্মসূচির নেতৃত্ব দেয়। সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে অংশ নেন যশোরের বিভিন্ন বয়সের সালমানভক্তরা।

রাত ১০টার দিকে মিছিলটি মণিহার সিনেমা হলের সামনে গিয়ে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে সালমান শাহকে স্মরণ করা হয়। এরপর শুরু হয় প্রতিবাদ সমাবেশ।

কাঠেরপুল যুবসংঘের পরিচালক শিমুল ভুইয়া বলেন, “২৯ বছর পর প্রমাণিত হয়েছে— সালমান শাহ আত্মহত্যা করেননি, এটি ছিল একটি নির্মম হত্যাকাণ্ড। আমরা নতুন আশার আলো দেখছি, কিন্তু এখনো আসামিরা গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন থেকেই যাচ্ছে। যদি এই মামলাকে আবারও নাটকে পরিণত করার চেষ্টা হয়, তবে যশোর থেকেই শুরু হবে প্রতিবাদের ঝড়।”

সমাবেশে বক্তব্য রাখেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক এম.আর. খান মিলন, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তাহমিনা বিশ্বাস, ফটো সাংবাদিক সাজ্জাদুল কবীর মিটন, ব্যবসায়ী হান্নান হোসেনফারুক হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, অভিনেতা সোহেল রানার সাম্প্রতিক মন্তব্যে সালমান শাহকে হেয় করা হয়েছে, যা অগ্রহণযোগ্য। তারা ঘোষণা দেন— “এ মিছিল শুধু প্রতিবাদ নয়, এটি এক শপথ— সালমান শাহ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

সমাবেশ শেষে বক্তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে সালমান শাহের জন্মদিন উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণখিচুড়ি উৎসবের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক আশরাফুল আজাদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সিনিয়র সাংবাদিক মুরশিদুল আজিম হিরু, যুগান্তরের জেলা প্রতিবেদক ইন্দ্রজিত রায়, যমুনা টিভির প্রতিনিধি জাহিদ হাসান, ডিবিসি টিভির ক্যামেরাপার্সন এম এইচ উজ্জ্বল, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহেরসহ কাঠেরপুল যুবসংঘের সংগঠক রিকি খান, সদস্য সাকিব খান, রেহান ইসলাম, সেতু, রিংকু, ব্যবসায়ী নেতা ইমরান হোসেন, বর্ষা ইসলাম, রিয়া, শাফিন মুবিন প্রমুখ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!