1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় ভোট চাইলেন তারেক রহমান

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-১২ আসনে জোট প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোদাল মার্কা জিতলেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন বলেই তাকে জোটের প্রার্থী করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত নির্বাচনি প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এই আসনে চাঁদাবাজি একটি বড় সমস্যা। এ সমস্যা দূর করতে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, সাইফুল হক নির্বাচিত হলে কোদাল দিয়ে এলাকার জলাবদ্ধতা দূর করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোদাল হাতে নিয়েই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সেই ঐতিহ্যকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি কোদাল মার্কাকে বিজয়ী করতে হবে।

পরে আনুষ্ঠানিকভাবে প্রার্থী সাইফুল হকের হাতে কোদাল তুলে দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

এর আগে সভায় বক্তব্য দেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, কোদাল সভ্যতার প্রতীক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোদালের ব্যবহার রয়েছে। এই কোদাল দিয়েই এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন কোদাল হাতে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় তারেক রহমান নির্বাচিত হলে আবারও কোদাল হাতে খাল খননের উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই নির্বাচনি প্রচারণা সভা পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। মঞ্চে উপস্থিত ছিলেন সাইফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার।

সমাবেশে অংশ নেন ঢাকা-১২ আসনের তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানার আওতাধীন সব ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও তাতী দলের হাজারো নেতাকর্মী।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!