1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে শিথিলতা, নতুন নির্দেশনা জারি ইসি

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটাররা মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন, তবে গোপন কক্ষে বা মার্কিং প্লেসে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সহকারী সিনিয়র সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী যাঁরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তাঁরা হলেন—ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, অঙ্গীভূত আনসার বা সাধারণ আনসার-ভিডিপির মধ্যে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য, দেশি ও বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্ট এবং ভোটাররা।

তবে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে কোনো ব্যক্তি—তিনি ভোটার, কর্মকর্তা বা এজেন্ট যেই হোন না কেন—গোপন কক্ষে (মার্কিং প্লেসে) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ভোটের পবিত্রতা ও গোপনীয়তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে কমিশন।

ইতোমধ্যে এই নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগ এবং মহাপুলিশ পরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল, যা পরবর্তীতে সংশোধন করা হলো।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!