জাতির উদ্দেশে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনে যারা বিএনপিকে ভোট দিয়েছেন, যারা দেননি কিংবা যারা কাউকেই ভোট দেননি—সরকার সবার সমান অধিকার নিশ্চিত করবে। বুধবার শপথের পর প্রথম কর্মদিবস শেষে রাতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া ভাষণে তিনি বলেন, দলমত, ধর্ম, দর্শন যার যার—রাষ্ট্র সবার; প্রতিটি বাংলাদেশি নাগরিকের অধিকার সমান।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরে তিনি জানান, দলীয় প্রভাব বা জোরজবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি। জুয়া ও মাদকের বিস্তারকে আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ উল্লেখ করে এ দুই ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রমজান আত্মশুদ্ধির মাস—এটি যেন অতিরিক্ত মুনাফার মাসে পরিণত না হয়। ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং পরামর্শ ও অভিযোগ গ্রহণে প্রস্তুত থাকবে।
ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে অপচয় রোধে কৃচ্ছ্রতা সাধনের আহ্বান জানান এবং উদাহরণ স্থাপনের লক্ষ্যে বিএনপির নির্বাচিত এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।
রাজধানীসহ বড় শহরগুলোর যানজট নিরসনে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রেল, নৌ, সড়ক ও সেতু খাতের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয়ের মাধ্যমে সারাদেশে সহজ, সুলভ ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করা হবে।
এছাড়া দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনের আগে ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়