ঢাকার উত্তরা–টঙ্গী সেতুর কাছে গ্যাস পাইপলাইনের একটি ভাল্ভ বিস্ফোরিত হওয়ায় উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্ভ ফেটে উচ্চচাপে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে লিকেজ সৃষ্টি হলে নিরাপত্তার স্বার্থে উত্তরায় গ্যাস বিতরণের মূল ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন শাটডাউন করা হয়।
এর ফলে উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও সন্নিহিত এলাকাজুড়ে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত ভাল্ভ প্রতিস্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
উল্লেখ্য, চলতি মাসে রাজধানীতে একাধিকবার গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে। এর আগে গত ৪ জানুয়ারি তুরাগ নদীর নিচে পাইপলাইন ছিদ্র হওয়ায় মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় এখনও গ্যাস সংকট চলছে। এছাড়া গত ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্ভ ফেটে যাওয়ায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়